সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৫৯ পিএম

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন আটকের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

ইরানের বন্দর আব্বাসের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, উন্নত ইলেকট্রনিক যুদ্ধকৌশল প্রয়োগ করে ড্রোনটির দিকনির্দেশনা নিয়ন্ত্রণ করা হয় এবং পরবর্তীতে এটিকে নিরাপদে মাটিতে অবতরণ করানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্যানুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী। জব্দকৃত ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউএম-১৭০ মডেলের বলে নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই সামরিক ড্রোনটি ওই অঞ্চলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা শনাক্ত ও পর্যবেক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার অপারেশনের মাধ্যমে ড্রোনের সমস্ত যোগাযোগ ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, এটি চতুর্থ কোনো ড্রোন যা তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং মনুষ্যবিহীন আকাশযান কমান্ড অক্ষত অবস্থায় আটক করতে সক্ষম হলো। এছাড়া হরমুজ প্রণালির আশপাশে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পর্যন্ত সর্বমোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে বলে দাবি করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে মাইন পাতা এবং ট্যাাংকারগুলোকে ইরানের সতর্কবার্তা পাঠানোর ঘটনাও এই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশ্ববাজারের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয় এই হরমুজ প্রণালি দিয়েই। ফলে এই জলপথে সামরিক তৎপরতা, নজরদারি এবং মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ভূরাজনৈতিক বিরোধকে নতুন মোড় দিয়েছে। তবে ড্রোন আটকের এই ঘটনার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।