নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৩১ পিএম
পঞ্চগড়ে পাঁচ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম নিখোঁজ থাকার ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও উদ্ধারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সহপাঠী ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল ইসলাম, বোদা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, পৌরসভার সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম এবং নিখোঁজ সিয়ামের বাবা মো. সল্লু ইসলাম।
বক্তারা বলেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকে সে আর ফেরেনি। দীর্ঘ পাঁচ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী ও পরিবার চরম হতাশায় রয়েছে। সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এই মানববন্ধনে সিয়ামের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, চার দিন আগে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একটি দলও উদ্ধার অভিযানে কাজ করছে। তবে নিখোঁজ ছাত্রের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় উদ্ধারকাজ কিছুটা বিলম্বিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন