নভেম্বর ১৬, ২০২৬, ০৫:২৩ পিএম
"মিলে মিশে কাজ করি, সবুজ সুন্দর বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যে শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে পঞ্চগড়ে শুরু হয়েছে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের আয়োজনে দ্বিতীয় আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৬। সোমবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই দুই দিনব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
উদ্বোধনী দিনে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির হলদে পাখি শিক্ষার্থী এবং বৃক্ষ পাখি শিক্ষকরা এই উৎসবে অংশ নেন। এছাড়া গার্লস গাইডের জেলা কমিটির সদস্যবৃন্দ, রংপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার, কোষাধ্যক্ষ, আঞ্চলিক সদস্য, রংপুর কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা ও স্টাফ এবং গার্লস গাইড অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশিক্ষকরা এই আয়োজনে উপস্থিত রয়েছেন।
উদ্বোধনী দিনে বাছাই করা পঞ্চগড় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। ঝাঁক অবকাশের পাখিদের বর্ণিল পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে উদ্বোধনী পর্বের অনুষ্ঠানমালা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগের অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরও ১১০ জন শিক্ষার্থী এই কার্যক্রমে যোগ দেবে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও বিশ্ব সংগীত পরিবেশনের মাধ্যমে ঝাঁক অবকাশের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এর পর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ট্রেইনার সুমাইয়া তাবাসসুমের সঞ্চালনায় এবং রংপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী মিঞা সহ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই ঝাঁক অবকাশ শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি গার্ল গাইডিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চার একটি সুবর্ণ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে শিশুরা জাহাজ, লঞ্চ, স্টিমার ও নৌকায় চড়ার অভিজ্ঞতা অর্জন, নিজেদের হাতে নানা ফুল তৈরি করা এবং সামাজিক শিষ্টাচার ও আচার-আচরণ শেখাসহ বিবিধ শিক্ষণীয় বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারবে।
উদ্বোধনী দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়। আগামী মঙ্গলবার বিভিন্ন শিক্ষণীয় কর্মশালা, আনন্দদায়ক প্রতিযোগিতা ও র্যালির মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আঞ্চলিক ঝাঁক অবকাশের সফল সমাপ্তি ঘটবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন