সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান মারা গেছেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৫৬ পিএম

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান মারা গেছেন

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নযরুর রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবরে পাকিস্তানসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯২৯ সালে রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাজি নযরুর রহমান। তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও তিনি অসামান্য অবদান রাখেন। সোমবার রাতেই পাকিস্তানের রায়উইন্ডে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তাঁর ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিলও তাঁর ইন্তেকালের গভীর শোক প্রকাশ করেছেন।