নভেম্বর ২, ২০২৫, ০১:৫০ পিএম
আগামী বছরের (২০২৬) বিশ্ব ইজতেমা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। রোববার (০২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে এক বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে ধর্ম উপদেষ্টা ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। তাবলিগ জামাতের উভয় পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বিরাও বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বিশ্ব ইজতেমার প্রস্তুতির সার্বিক দিক বিবেচনা করে উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ইজতেমা জাতীয় নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে।তিনি আরও জানান, ইজতেমার সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তাবলিগের দুই পক্ষের সঙ্গে পরবর্তীতে আবারও আলোচনা করে বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঠিক করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন