বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
সৌরবিদ্যুৎ উৎপাদন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঘোষণা মন্ত্রীর

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১০:৪১ পিএম

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঘোষণা মন্ত্রীর

আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের মোট বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ সৌরশক্তি থেকে পূরণের পরিকল্পনার অংশ হিসেবে এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেশের মোট বিদ্যুতের ত্রিশ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদনের অঙ্গীকার করা হয়েছে। সে অনুযায়ী, সরকারের প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির একাত্তর বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে এসব কথা বলেন তিনি। সংরক্ষিত নারী আসন তেত্রিশের সরকারি দলের সংসদ সদস্য শাচত আরা আক্তার নোটিশটি উত্থাপন করেন।

মন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দুই দিনব্যাপী জাতীয় সৌরবিদ্যুৎ মেলার আয়োজন করা হয়। এতে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ সেবা সম্প্রসারণে দরপত্রের বিপরীতে আট হাজারের বেশি সরবরাহকারী আবেদন করেছেন। কর্মসূচি দ্রুত বাস্তবায়নে সরবরাহকারীর সংখ্যাও বাড়ানো হয়েছে। ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সুবিধা তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে মেলার আয়োজন করা হবে। পর্যায়ক্রমে জেলা পর্যায়েও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অর্থনৈতিক সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা যাবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই ব্যবস্থায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট দশ টাকা দরে কিনবে। অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ ব্যয় হবে প্রতি ইউনিট আট টাকা। ফলে গ্রাহক প্রতি ইউনিটে দুই টাকা আয় করতে পারবেন।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর প্যানেলের পাশাপাশি ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রীর ভাষ্য, শুধু সৌরবিদ্যুৎ যথেষ্ট নয়, এর সঙ্গে ব্যাটারি ব্যাকআপ থাকাও জরুরি। এই ব্যবস্থা ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে কাজ করছে সরকার।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে ওই বাসভবন সম্পূর্ণ সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেখানে ব্যাটারি ব্যাকআপ থাকায় দিন-রাত চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

এছাড়া সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই উদ্যোগ বাস্তবায়নে অর্থও বরাদ্দ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

সৌরবিদ্যুৎ উন্নয়নসংক্রান্ত সম্প্রতি জারি করা অধ্যাদেশের ফলে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। অধ্যাদেশ জারির পর অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে প্রায় দুই শ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ ও জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এতে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর দেশের নির্ভরশীলতাও কমবে।