নভেম্বর ১১, ২০২৬, ০৯:৫৭ পিএম
ইতালির তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি আসার পর দেশজুড়ে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। ইমেইলের মাধ্যমে এই হুমকি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্কুলগুলো খালি করা হয়। একই ধরনের হুমকিমূলক বার্তা পেয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব হুমকিকে আপাতত ভুয়া বলে মনে করছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত হামলার আশঙ্কার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পুরো ঘটনার তদন্ত চলছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে সরকারের মন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠকও ডাকা হয়েছে। ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই নতুন নিরাপত্তা সতর্কতা জারি করা হলো।
এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা দেশটির লা সেভেন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি এসেছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। কারা এর সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শিক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার পেছনে পরিকল্পিত কোনো কৌশল থাকতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে হুমকির উৎস শনাক্ত করতে কাজ করে যাচ্ছে। তবে এই ঘটনায় আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে বাস্তব হামলার আশঙ্কা খুবই কম বলে প্রতীয়মান হচ্ছে। এটি প্রকৃত কোনো বোমা হামলার হুমকির পরিবর্তে ভয়ভীতি সৃষ্টির প্রচেষ্টা বা সাইবার হামলা হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন