বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১০:৩১ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ম্যাচের আগে আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন অধিনায়ক হামজা চৌধুরী, সাফে আমরাই ফেবারিট। কথার সঙ্গে কাজের মিল রাখতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হামজা। তার সঙ্গে গোলের উৎসবে যোগ দিয়েছেন শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। চার গোলের দাপুটে জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ‍‍`এ‍‍` গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে উঠেছে টমাস ডুলির দল।

এই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় দ্বিতীয় গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কাকে চার গোলে হারিয়ে শুধু নিজেদের সেমিফাইনালই নিশ্চিত করেনি বাংলাদেশ, খুলে দিয়েছে ভুটানের শেষ চারে ওঠার পথও। এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‍‍`এ‍‍` গ্রুপের রানার্সআপ হয়েছে ভুটান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‍‍`বি‍‍` গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণকে ব্যস্ত রাখেন হামজারা। অষ্টম মিনিটেই আসে প্রথম গোল। ডান দিক থেকে হামজার ক্রসে হাত লাগিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। কিন্তু বল ঠিকমতো দূরে পাঠাতে পারেননি তিনি। সামনে পেয়ে যান শমিত সোম। প্রথম প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি বলে দ্বিতীয়বার আর ভুল করেননি এই মিডফিল্ডার। তার শটে এগিয়ে যায় বাংলাদেশ।

গোল পাওয়ার পরও আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসেনি স্বাগতিকেরা। পঁচিশ মিনিটে ফারহানের দারুণ লং পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের সামনে একা হয়ে গিয়েছিলেন রাকিব হোসেন। তবে তার ব্যাকহিল চিপ লক্ষ্যভ্রষ্ট হয়। গোলের সুযোগ নষ্টের সেই আক্ষেপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের শেষ দিকে, চুয়াল্লিশ মিনিটে নিজের গোলের খাতা খোলেন হামজা। বাঁ দিক দিয়ে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢোকেন তিনি। এরপর জোরালো শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক।

বিরতির পর মাঠে ফিরে বাংলাদেশের আক্রমণের ধার আরও বেড়ে যায়। তিপ্পান্ন মিনিটে আসে ম্যাচের অন্যতম সেরা গোলটি। শমিতের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান ফারহান আলী ওয়াহিদ। এরপর অসাধারণ ড্রিবলিংয়ে একের পর এক শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢোকেন তরুণ এই উইঙ্গার। সামনে তখন গোলরক্ষক, কিন্তু ফারহানের লক্ষ্যভেদ ঠেকানোর উপায় ছিল না। বল জালে জড়াতেই সতীর্থদের উল্লাসে ভেসে যান তিনি। ফারহানের এমন নৈপুণ্যে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন সামনে থাকা হামজাও।

ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি বলেছিলেন, আগামী দশ বছরে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হয়ে উঠবেন ফারহান। বোরহামউড এফসিতে খেলা তরুণ এই ফুটবলার ম্যাচে যেন সেই সম্ভাবনারই ঝলক দেখালেন। গোলের পর ফারহানকে ঘিরে সতীর্থদের উদ্‌যাপনেও ছিল সেই আনন্দের প্রকাশ।

প্রথমবার অধিনায়ক হয়ে মাঠে নেমেছিলেন হামজা। তিন গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সেমিফাইনালের কথা মাথায় রেখে একাধিক বদলি আনেন কোচ টমাস ডুলি। মাঠে নামেন শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও অভিজ্ঞ জামাল ভূঁইয়া। তবে আক্রমণে গোলের ক্ষুধা কমেনি বাংলাদেশের। ম্যাচের সাতাশিত মিনিটে শেষ গোলটি করেন রাকিব হোসেন। বক্সের বাইরে বল পেয়ে গতি ও দক্ষতায় এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর গোলরক্ষক সুজন পেরেরাকে সামনে পেয়ে নিখুঁত চিপে বল জালে পাঠান। তাতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চার গোলের জয় নিশ্চিত হয়।

পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণের সামনে কার্যত অসহায় ছিল শ্রীলঙ্কা। বিপরীতে চার ফুটবলারের গোলে পাওয়া এই জয় শুধু সেমিফাইনালের টিকিটই এনে দেয়নি, শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও বাংলাদেশকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ম্যাচের আগে হামজার বলা কথার যথার্থ জবাব মিলেছে মাঠের পারফরম্যান্সেই।