নভেম্বর ১৬, ২০২৬, ০৬:১৫ পিএম
পারিবারিক পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে গভীর ভালোবাসা। সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজবাড়ীতে এসেছেন এক চীনা নাগরিক। শেষ পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের সঙ্গে। ভিনদেশি যুবকের সঙ্গে স্থানীয় এই তরুণীর বিয়ে ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নবদম্পতিকে একনজর দেখার জন্য প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় জমাচ্ছেন কৌতূহলী স্থানীয় বাসিন্দারা।
পারিবারিক সূত্রে জানা যায়, চীনা নাগরিক জ্যাকি চেউং গত ১ নভেম্বর বাংলাদেশে আগমন করেন। এরপর গত ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে গত ১৩ নভেম্বর দুই পরিবারের পূর্ণ সম্মতিতে পারিবারিক ও সামাজিক পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
জানা গেছে, জ্যাকি ও নার্গিসের পরিচয়ের মূল সূত্রপাত নার্গিসের ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। সিরাজুল ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন, যেখানে জ্যাকি চেউংও কর্মরত ছিলেন। পেশাগত সেই সুবাদে দুজনের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে এসে বিয়ে করার আগ্রহের কথা সিরাজুলকে প্রকাশ করেন। এরপর তিনি তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।
তখন থেকেই দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে জানাশোনার মাত্রা বেড়ে ভালো লাগায় রূপ নেয় এবং পরবর্তীতে তা গভীর ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। সেই সম্পর্কের পরিণতি দিতেই চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি এবং দুই পরিবারের সম্মতিতে নতুন জীবন শুরু করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন