বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ১১:১৭ এএম

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টা ৪৪ মিনিটে মোনাজাতের মাধ্যমে এই আধ্যাত্মিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

দোয়া পরিচালনা করেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এবার খুরুজের জোড় অত্যন্ত সীমিত পরিসরে আয়োজন করা হয়।

ইজতেমা ময়দানের মূল প্যান্ডেলের পরিবর্তে বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে এই কার্যক্রম সীমাবদ্ধ ছিল।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মূলত ঢাকার আশপাশের সাথীরা টঙ্গীতে অংশ নিয়েছেন এবং দেশের অন্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছেন।সীমিত পরিসর সত্ত্বেও এবারের জোড়ে ৭০টি দেশ থেকে আগত প্রায় ২ হাজার বিদেশি মেহমান অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

রোববার বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ হেদায়াতি বয়ান পেশ করেন। এরপর সকাল ৮টা ২৮ মিনিটে শুরু হওয়া মোনাজাতে ‘আমিন... আমিন...’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগতীর।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই খুরুজের জোড় শেষে বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় দেড় হাজার জামাত দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী সময়ে টঙ্গী ময়দানে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।