বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
মানবিক উদ্যোগ

কর্মীর মৃত্যুতে আরও ২৯ বছর বেতন দেওয়ার ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১১:৫২ এএম

কর্মীর মৃত্যুতে আরও ২৯ বছর বেতন দেওয়ার ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া থানায় কর্মরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রেনেটা ফার্মাসিউটিক্যালসের কর্মী জুয়েল আহমেদের পরিবারকে সহায়তার জন্য এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নিহত কর্মীর পরিবারকে তাঁর চাকরিজীবনের বাকি সময় অর্থাৎ আগামী ২৯ বছর পর্যন্ত নিয়মিত বেতন ও বোনাস দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে রেনেটা ফার্মাসিউটিক্যালস।

কোম্পানি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া থানায় গত দুই বছর ধরে অত্যন্ত সততা ও সুনামের সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছিলেন জুয়েল আহমেদ। সম্প্রতি এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে তিন সন্তান ও বৃদ্ধ বাবা-মাসহ শোকাভিভূত পরিবারটির ভবিষ্যৎ সুরক্ষায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেনেটা ফার্মাসিউটিক্যালস করণিক পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়েল আহমেদের বয়স যখন একত্রিশ বছর, তখন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। স্বাভাবিক নিয়মে তাঁর চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স ছিল ষাট বছর। শারীরিক ও মানসিকভাবে তিনি আর সাথে না থাকলেও, কোম্পানির দাপ্তরিক ও কাগজপত্রের খাতায় তিনি পরবর্তী উনত্রিশ বছর কর্মরত হিসেবেই বহাল থাকবেন।

কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই দীর্ঘ মেয়াদে নিহত কর্মীর পরিবার প্রতিমাসে নির্ধারিত বেতন এবং উৎসবের বোনাসসমূহ নিয়মিত পেতে থাকবে। স্থানীয় মুরুব্বি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই আর্থিক সহায়তা কীভাবে এবং কার নামে বিতরণ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরিবারের অপূরণীয় ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে কোম্পানির দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, জুয়েল আহমেদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই রেনেটা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে এই দীর্ঘমেয়াদি দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।