নভেম্বর ১৬, ২০২৬, ০৭:২৩ পিএম
ভারতের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর নাগরিকত্ব হারিয়ে বাংলাদেশে পুশ-ইনের শিকার হয়েছেন বহু মুসলিম। দেশটির বিভিন্ন রাজ্যে আটককেন্দ্র ও বিতাড়নের ভয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো ঘটনা ঘটছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই করা ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিম সম্প্রদায়ের। অথচ ওই রাজ্যে মুসলিম জনসংখ্যা মাত্র ২৭ শতাংশ।
মুম্বাই থেকে সবজি কিনতে বেরিয়ে সীমান্ত পেরিয়ে সাতক্ষীরায় পৌঁছানোর কথা জানান ৩৮ বছর বয়সি সাহিদা ফকির। সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা তাকে আটক করে ফোন কেড়ে নেন এবং জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেন। তার পরিবারের দাবি, সাহিদার দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই ভোটার তালিকায় রয়েছে।
তালিকায় নাম বাদ পড়া ১০টি পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের কাছে বৈধ পরিচয়পত্র থাকার পরও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। দেশজুড়ে চলমান এই ভোটার তালিকা সংশোধনে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই প্রক্রিয়াকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বৈষম্যমূলক বলে অভিযোগ করেছে।
এদিকে বৈধ ভারতীয় নাগরিকদের হয়রানি বা লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন বিজেপি। গত ৫ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলেন। ট্রাইব্যুনালগুলোতে বাদ পড়া নামের বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমা পড়লেও শুনানি চলছে অত্যন্ত ধীরগতিতে।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন