নভেম্বর ১৬, ২০২৬, ০২:০৩ এএম
যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্তত ৭০ জন কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির চেস্টার ক্রাউন কোর্টে চেস্টার ইউনিভার্সিটির এই সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ পুলিশের অনলাইন শিশু যৌন নিপীড়নের ইতিহাসে একে অন্যতম বড় তদন্ত বলে জানিয়েছে চেশায়ার কনস্টেবলারি।
২০২১ সালে ডার্বিশায়ার পুলিশে ১৩ বছর বয়সী এক কিশোরীর করা অভিযোগের ভিত্তিতে এই অপরাধ চক্রের সন্ধান মেলে। স্ন্যাপচ্যাটে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখলেও ওই কিশোরী বুঝতে পারেনি যে প্রোফাইলের পেছনে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ লুকিয়ে রয়েছে। এরপর ২০২২ সালে চেশায়ার কনস্টেবলারির বিশেষজ্ঞ অনলাইন শিশু নির্যাতন তদন্তকারীরা মামলার দায়িত্ব নেন এবং ২০২৩ সালের জুলাইয়ে হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, স্ন্যাপচ্যাট, উইংক এবং রবলক্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে কিশোরীদের সঙ্গে প্রতারণা করতেন কাজী। নিজের আসল পরিচয় গোপন করতে তিনি রিস নামের অনলাইন আইডি এবং এক অজ্ঞাত ব্রিটিশ কিশোরের ছবি ব্যবহার করতেন। প্রেমের সম্পর্ক গড়ে তোলার ভান করে তিনি আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন এবং কিশোরীরা তা দিতে অস্বীকৃতি জানালে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
তদন্তকালে কাজীর ডিভাইস থেকে শত শত অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। দীর্ঘ তদন্তের পর যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ অঞ্চলের ২৮টি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ৭০ জন কিশোরীর পরিচয় নিশ্চিত করা হয়। আদালতে প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, এই ঘটনার ফলে ভুক্তভোগী কিশোরীদের মধ্যে তীব্র দুশ্চিন্তা ও আত্মহত্যার প্রবণতার মতো মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। শিশু যৌন অপরাধসংক্রান্ত ৩৭টি অভিযোগে দোষ স্বীকার করার পর তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং মুক্তির পর আট বছরের একটি বর্ধিত লাইসেন্স মেয়াদ বলবৎ থাকবে। কাজী অন্তত ২০ বছর সাজা খাটার পরই কেবল প্যারোলে মুক্তি পাওয়ার যোগ্য হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন