নভেম্বর ১৬, ২০২৬, ০২:১৯ এএম
ভাত খাওয়ার পর এক কাপ চা পান করার অভ্যাস রয়েছে অনেকেরই। তবে চিকিৎসকদের মতে, খাবারের পরপরই চা পান করলে শরীরে আয়রন শোষণের পরিমাণ কমে যেতে পারে। চায়ে থাকা ট্যানিন ও পলিফেনল খাবারের আয়রনের সঙ্গে যুক্ত হয়ে তা শোষণে বাধা সৃষ্টি করে।
বিশেষ করে উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া আয়রনের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা যায়। খাবার খাওয়ার পর চা পান করতে চাইলে অন্তত এক ঘণ্টা অপেক্ষা করা ভালো। যাদের শরীরে আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতা রয়েছে, তাদের ক্ষেত্রে এক থেকে দুই ঘণ্টা বিরতি রাখা প্রয়োজন।
দুধ চায়ের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। দুধে থাকা ক্যালসিয়াম ও চায়ের পলিফেনল একসঙ্গে গ্রহণ করলে সাময়িকভাবে আয়রন শোষণে প্রভাব ফেলতে পারে। তবে স্বাভাবিক পরিমাণে দুধ চা পান করলে দীর্ঘমেয়াদে আয়রনের ঘাটতি তৈরি হয় এমন প্রমাণ নেই।
সুস্থ মানুষের ক্ষেত্রে মাঝেমধ্যে ভাত খাওয়ার পর চা পান করা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে প্রতিদিনের অভ্যাস হলে খাবারের ঠিক পরপর চা না খেয়ে কিছুটা বিরতি রাখা ভালো। আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের সময়ও চা-কফি এড়িয়ে চলা উচিত।
খাবারের পর চা পান করলেই শরীরের মারাত্মক ক্ষতি হবে, এমন নয়। প্রতিদিনের খাবারে আয়রনসমৃদ্ধ উপাদানের পাশাপাশি ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও সবজি রাখা যেতে পারে। লেবু, পেয়ারা, কমলা ও টমেটোতে থাকা ভিটামিন সি উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সহায়তা করে থাকে।
যাদের আয়রনের ঘাটতি রয়েছে, তাদের এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা সবচেয়ে নিরাপদ। প্রতিদিনের খাদ্যতালিকা ও জীবনযাত্রায় ছোট কিছু পরিবর্তন এনে সহজেই এই সমস্যা এড়ানো সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন