নভেম্বর ১৫, ২০২৬, ১১:৩১ পিএম
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। যাতে কোনো তৃতীয় পক্ষ পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি।
গত শনিবার ও রোববার পৃথকভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে এসব নির্দেশনা দেন তিনি।
দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নেতাদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে তিনি জানান, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।
দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখ করে নেতাকর্মীদের যথাসম্ভব বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়।
বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সমমনা ও শরিক দলগুলোকে সঙ্গে রাখার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। একই দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানে বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়ার বিষয়ে ছাত্রদল নেতাদের সতর্ক করেন তারেক রহমান।
এদিকে রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। সংসদ অধিবেশনের বিরতির সময় অনুষ্ঠিত ওই সাক্ষাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, ওই সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন