নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৫০ এএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যরা। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের এই পদক্ষেপের পর শ্রমিকেরা ছোটাছুটি করে সড়ক ছেড়ে চলে যান এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন