রকিবুল হাসান মুন্না
ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৩৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ আবারও স্থগিত করা হয়েছে। ভোটার তালিকায় অসংগতি চিহ্নিত হওয়ায় নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর আগে এই নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।নির্বাচন কমিশনের ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি ২০২৬, বুধবার অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই ভোটার তালিকার অসংগতি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সংশোধন শেষে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।শিক্ষার্থীদের মধ্যে নতুন তফসিলকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশই সঠিক ও নির্ভুল ভোটার তালিকার গুরুত্বকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ০১ ডিসেম্বর ভোটার তালিকায় অসংগতি পরিলক্ষিত হলে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম একবার স্থগিত করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন আশাবাদী নতুন তফসিল অনুযায়ী একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।