রকিবুল হাসান মুন্না
ডিসেম্বর ৩, ২০২৫, ১০:০৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিতের পর অবশেষে নির্বাচন কমিশন আশার কথা শোনালো। কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন কার্যক্রম শেষ হলেই পুনরায় নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এবং ২৪ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে ব্রাকসু নির্বাচন।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতি ও পুনঃতফসিলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্বাচন কমিশনের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলমান থাকলেও ভোটার তালিকায় "উল্লেখযোগ্য অসঙ্গতি" থাকায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার স্বার্থে নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
ভুল তালিকার ভিত্তিতে নির্বাচন হলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারত, এ কারণেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশন দাবি করে।তবে কিছু শিক্ষার্থীর অভিযোগ, কমিশন নাকি গোষ্ঠীগত চাপে সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চিত করে জানায়, অভিযোগটি "সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর"। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নীতি ও নির্বাচনী নীতিমালার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে; কোনো গ্রুপ বা সংগঠনের চাপ এতে জড়িত নয়।
কমিশন আরও জানায়, কিছু শিক্ষার্থীর অযাচিতভাবে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করে অসংলগ্ন মন্তব্যের চেষ্টা তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে।বিবৃতিতে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, তারা সম্পূর্ণ নিরপেক্ষ, স্ব-শাসিত ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। কোনো পক্ষের স্বার্থে কখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ভবিষ্যতেও নেওয়া হবে না। শিক্ষার্থীদের প্রতি গুজব, অপপ্রচার ও ভুল তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জাহানসহ নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান ও মো. হাসান আলী যৌথভাবে বিবৃতিতে স্বাক্ষর করেন।