মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদারে ম্যানিলায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের অঙ্গীকার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০২:০০ পিএম

শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদারে ম্যানিলায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে খণ্ডিত প্রকল্পের পরিবর্তে একটি সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত এবং টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‍‍`শিশুদের প্রতি সহিংসতা বন্ধে দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন‍‍`-এর ‍‍`টেকসই প্রভাব নিশ্চিতে শিশু সুরক্ষা ব্যবস্থা ও অর্থায়ন জোরদার‍‍` শীর্ষক বিশেষ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বের শতাধিক দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

মূল বক্তব্যে মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা কেবল শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ, সামাজিক ঐক্য ও টেকসই উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। তাই শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে সরকার নতুন কুঁড়ি ও নতুন কুঁড়ি ক্রীড়া কর্মসূচিসহ খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রসারে নানা উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

বিচ্ছিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এর জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ ও সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনকারী একটি শক্তিশালী কাঠামো প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ তিনটি কৌশলগত অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে।

প্রথম অগ্রাধিকার হিসেবে নেতৃত্ব ও জবাবদিহিতা জোরদারের অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ‍‍`শিশু বিষয়ক অধিদপ্তর‍‍` প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে সমন্বয় ও জবাবদিহিতা বাড়াতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলোকে সক্রিয় করা হচ্ছে।

দ্বিতীয়ত, প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে শিশুরা যেখানে বেড়ে ওঠে, শেখে ও বসবাস করে সেখান থেকেই সহিংসতা প্রতিরোধে কাজ চলছে। এ জন্য ইতিবাচক অভিভাবকত্ব সম্প্রসারণ, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্তি এবং শিশুবান্ধব বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে টেকসই ফলাফল নিশ্চিত করতে সমাজসেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, কেস ব্যবস্থাপনা ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্তে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানো হচ্ছে।

সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাত একযোগে কাজ করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর। সম্মেলনে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।