নভেম্বর ১৭, ২০২৬, ০১:১৭ পিএম
ফ্রান্সের প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ২১ নভেম্বর ঢাকায় ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে। ফরাসি ভাষায় `সেমেইন ফ্রঁসেজ` নামে পরিচিত এই আয়োজন আগামী ২৯ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
আয়োজনটির মূল লক্ষ্য দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধকে সামনে আনা।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী তাঁর অবদান স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদ্যাপনের একটি সুযোগ তৈরি করেছে। ফরাসি সপ্তাহে ফ্রান্সের সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত, ইতিহাস ও খাদ্যসংস্কৃতি তুলে ধরা হবে বলে তিনি জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আঁদ্রে মালরোর অবদান বিশেষভাবে স্মরণ করা হবে।
ফরাসি সপ্তাহের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে `আঁদ্রে মালরো মেমোরি ওয়াল` স্থাপন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর সমর্থন ও অবদান তুলে ধরা হবে। পাশাপাশি আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আঁদ্রে মালরো গার্ডেন এবং তাঁর স্মৃতিসৌধের সামনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সপ্তাহব্যাপী এই আয়োজনে সংগীত, আলোকচিত্র ও চলচ্চিত্রপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ কর্মসূচি। শিল্পী ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনা অনুষ্ঠিত হবে এবং আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার উদ্যোগে আয়োজিত হবে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব, যেখানে আলোকচিত্রীরা জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও নাগরিক জীবনের নানা চিত্র ক্যামেরাবন্দী করবেন। এ ছাড়া ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।
ফরাসি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজন করা হবে ফরাসি খাবার উৎসব, যেখানে খাবার প্রস্তুত করবেন ফরাসি শেফ প্যাট্রিক কানে। উৎসবের পাশাপাশি তিনি হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন