মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হলো টাঙ্গাইলের সন্তোষে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০২:১৬ পিএম

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হলো টাঙ্গাইলের সন্তোষে

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

দিনব্যাপী এই আয়োজনে ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের ঢল নামে।

উদ্বোধনের পরপরই মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ওরশ ও দোয়া মাহফিলের পাশাপাশি এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েক দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা ভাসানীর ভক্ত, অনুসারী ও মুরিদরা সন্তোষে সমবেত হতে শুরু করেন। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে কয়েক দিনব্যাপী মেলা বসেছে, যেখানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা এবং সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। পুরো মাজার প্রাঙ্গণ ভক্ত ও অনুসারীদের ‍‍`যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী‍‍` স্লোগানে মুখর হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাঁর ডাকনাম ছিল চেগা মিয়া এবং যিনি ‍‍`লাল মওলানা‍‍` হিসেবেও পরিচিত ছিলেন। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের সিংহভাগ সময় তিনি টাঙ্গাইলের সন্তোষে অতিবাহিত করেন এবং সেখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন।