এপ্রিল ১৪, ২০২৬, ০৯:৫১ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ টাঙ্গাইল সফরে যাচ্ছেন। সেখানে তিনি দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে অত্যন্ত প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা শহরসহ সারা জেলায় এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সকাল ১০টার দিকে তার টাঙ্গাইল পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে যোগ দেবেন। সেখানে তিনি ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সমবেত কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষকদের দোরগোড়ায় সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে এই কার্ড বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এরপর দুপুর সোয়া ১২টায় টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত সাত দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এরই মধ্যে টাঙ্গাইলে অবস্থান করে মাঠপর্যায়ের সার্বিক প্রস্তুতি তদারকি করছেন। প্রধানমন্ত্রীর আগমনে টাঙ্গাইল জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন