মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
অর্থনৈতিক শুমারি ২০২৪

চট্টগ্রাম অর্থনৈতিক শুমারি কর্মরত ২০ লাখের বেশি মানুষের মধ্যে নারী ২১ শতাংশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৩৬ পিএম

চট্টগ্রাম অর্থনৈতিক শুমারি কর্মরত ২০ লাখের বেশি মানুষের মধ্যে নারী ২১ শতাংশ

ছবি : সংগ্রহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা প্রতিবেদনে উঠে এসেছে, চট্টগ্রাম জেলায় মোট ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি অর্থনৈতিক ইউনিটে ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ জন মানুষ কর্মরত রয়েছেন। কর্মরত এই জনবলের মধ্যে পুরুষ ৭৯ শতাংশ এবং নারী ২১ শতাংশ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিবিএস আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার মোট ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৩ লাখ ৪৮ হাজার ৪৩টি স্থায়ী ইউনিট, ৩৬ হাজার ৪০৪টি অস্থায়ী ইউনিট এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত খানাভিত্তিক ইউনিট রয়েছে।

শিল্পের শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, জেলায় মাইক্রো শিল্পের কার্যক্রম সবচেয়ে বেশি, যা মোট অর্থনৈতিক ইউনিটের ৬৭ দশমিক ৪৪ শতাংশ। এ ছাড়া কুটির শিল্প ২৫ দশমিক ৬৪ শতাংশ, ক্ষুদ্র শিল্প ৬ দশমিক ২৮ শতাংশ, মাঝারি শিল্প শূন্য দশমিক ৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্প শূন্য দশমিক ১৭ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাত শীর্ষ অবস্থানে রয়েছে, যেখানে জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৪৪ দশমিক ১৮ শতাংশ অন্তর্ভুক্ত। দ্বিতীয় অবস্থানে থাকা পাইকারি ও খুচরা ব্যবসা খাতের হার ২১ দশমিক ৫৭ শতাংশ, আর পাশাপাশি শিক্ষা, অন্যান্য সেবা, আবাসন ও খাদ্য সেবা, মানবস্বাস্থ্য এবং আর্থিক ও বিমা খাতেও উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

শুমারিতে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সমস্যার চিত্রও তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যায় মোট ইউনিটের ৮৫ দশমিক ৮৯ শতাংশই পর্যাপ্ত মূলধনের অভাবকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। এর পাশাপাশি সহজ শর্তে ঋণ না পাওয়া, অবকাঠামোগত সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানিসংকটকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন এ জেলার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জুনায়েত কাউছার বলেন, এই প্রতিবেদন চট্টগ্রাম জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনৈতিক চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান অর্থনৈতিক শুমারি ২০২৪-এর লক্ষ্য ও উদ্দেশ্য, আওতা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরেন। মূল প্রবন্ধে বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পায়, যার মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি নির্ভরযোগ্য ও নিয়মিত হালনাগাদযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর মৌলিক তথ্য সংরক্ষণ, ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও শুমারির জন্য হালনাগাদ নমুনা কাঠামো প্রস্তুত করা সম্ভব হবে।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক ছরওয়ার কামাল টারজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী বক্তব্যে তিনি জানান, বিবিএস প্রথমবারের মতো বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টারের কার্যক্রম শুরু করেছে এবং এটি দেশের অর্থনৈতিক তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।