নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৩৮ এএম
ওজন কমাতে বড় কোনো পরিবর্তনের চেয়ে ছোট ছোট অভ্যাসের ধারাবাহিকতাই বেশি কাজে দেয়। যুক্তরাজ্যের চিকিৎসক ডা. তাসনিম জারা এক আলোচনায় সকালে মেনে চলার মতো আটটি অভ্যাসের কথা বলেছেন, যা একসঙ্গে মানলে ওজন কমাতে সাহায্য করে। তাঁর মতে, একটি অভ্যাসে মন দিলেই হবে না - সবগুলো একসঙ্গে অভ্যাসে পরিণত করলেই ফল মিলবে।
প্রথম অভ্যাস হিসেবে তিনি নাস্তার আগে আধা লিটার পানি খাওয়ার কথা বলেছেন। তাঁর ভাষায়, পানি নিজে সরাসরি ওজন কমায় না, তবে পেট ভরিয়ে ক্ষুধা কমিয়ে দেয়, ফলে নাস্তায় কম খাওয়া হয়। প্রতিটি বেলার খাবারের আগেও আধা লিটার পানি খাওয়া যেতে পারে বলে জানান তিনি। তবে খাবারের আধা ঘণ্টা আগে পানি খেলেই ওজন কমে - এমন দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলেও তিনি সতর্ক করেছেন।
দ্বিতীয় অভ্যাস হলো সকালের নাস্তা বাসায় খাওয়া। অনেকেই নাস্তা না করে বেরিয়ে যান, পরে সিঙ্গারা, পুরি, জিলাপি বা কোক খেয়ে ফেলেন - এতে ওজন বাড়ে বলে জানান তিনি। বিকল্প হিসেবে এক প্যাকেট বাদাম ও এক বাক্স ফল সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন, যাতে প্রয়োজনে অফিসে খাওয়া যায়।
তৃতীয় অভ্যাসটি হলো হেঁটে কাজে যাওয়া। কর্মস্থল দূরে হলে বাস থেকে এক বা দুই স্টপ আগে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার পরামর্শ দেন তিনি। গাড়িতে গেলে ১০ মিনিট দূরে গাড়ি রেখে হেঁটে যাওয়ার কথা বলেন। তাঁর মতে, এই ছোট অভ্যাসটিই ওজন কমাতে বড় ভূমিকা রাখতে পারে।
চতুর্থ অভ্যাস চিনি ছাড়া চা-কফি খাওয়া। চিনি খুব সহজে অতিরিক্ত ক্যালরি যোগ করে, অথচ শরীর চিনি থেকে কোনো বিশেষ পুষ্টি পায় না বলে জানান তিনি। প্রথম দিকে চিনি ছাড়া চা খেতে কিছুটা খারাপ লাগলেও ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন - দুটি বিস্কুটে প্রায় ২০০ ক্যালরি থাকে, যা তিনটি সেদ্ধ ডিমের সমান। তাই ওজন কমাতে চাইলে চায়ের সঙ্গে বিস্কুট এড়িয়ে চলাই ভালো।
পঞ্চম অভ্যাস হলো নিয়মিত ওজন মাপা। গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত ওজন মাপেন, তাঁরা ওজন কমাতে বেশি সফল হন। সকালে ঘুম থেকে উঠে টয়লেটের পর, খালি পেটে, একই পোশাকে ওজন মাপার পরামর্শ দেন তিনি। ওজন খাতা বা ক্যালেন্ডারে লিখে রাখা যায়, অথবা অ্যাপে লিখলে গ্রাফ আকারে দেখা যায়। তবে ওজন মাপা দুশ্চিন্তা বাড়ালে কয়েক দিন পর পর বা সপ্তাহে একদিন মাপলেও চলবে, তবে একই নিয়মে ও একই সময়ে মাপতে হবে।
ষষ্ঠ অভ্যাস ব্যায়াম। দড়ি লাফ, দ্রুত হাঁটা, দৌড়ানো, উঠবস ও ভারোত্তোলনের মতো ব্যায়ামের যেকোনো একটি বেছে নেওয়ার কথা বলেন তিনি। সপ্তম অভ্যাস পর্যাপ্ত ঘুম - প্রাপ্তবয়স্কদের সাধারণত সাত থেকে আট ঘণ্টা ঘুম দরকার। গবেষণায় দেখা গেছে, ঘুম কম হলে বেশি ক্ষুধা লাগে, বেশি খাওয়া হয় এবং চর্বি ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের প্রতি আকাঙ্ক্ষা বাড়ে।
অষ্টম অভ্যাস হিসেবে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার কথা তুলে ধরেন। গবেষণায় ১০০ জন অতিরিক্ত ওজনের মানুষকে দুটি দলে ভাগ করা হয়। প্রথম দল শুধু প্রতিদিন সকালে ওজন মাপত, দ্বিতীয় দল ওজন মাপার পাশাপাশি প্রতিদিন একটি করে অ্যাকশন পয়েন্ট বেছে নিত - যেমন টেবিলে বসে ছাড়া না খাওয়া, বন্ধুদের সঙ্গে বসে আড্ডা না দিয়ে হাঁটা, রাত আটটার পর কিছু না খাওয়া, দশ হাজার ধাপ হাঁটা। আট সপ্তাহ পর দেখা যায়, প্রথম দল গড়ে প্রায় এক কেজি ওজন কমিয়েছে, আর দ্বিতীয় দল কমিয়েছে চার কেজির বেশি - অর্থাৎ প্রায় তিন কেজি বেশি।
শেষে ডা. তাসনিম জারা সতর্ক করে বলেন, শুধু একটি অভ্যাস মানলেই হবে না। যেমন কোক না খেয়ে দুই প্লেট ভাত খেলে ওজন কমবে না। আটটি অভ্যাস একসঙ্গে মেনে চললেই ওজন কমানোর পথে এগিয়ে যাওয়া যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন