নভেম্বর ২৫, ২০২৬, ০৬:১৪ পিএম
জয়পুরহাট সদর উপজেলার সতিঘাটা গ্রামে প্রায় চার বিঘা জমির ফলন্ত শিমগাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০ জন কৃষক।
বুধবার (২৫ নভেম্বর) সতিঘাটা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। কেটে দেওয়া হয়েছে চার বিঘার বেশি জমিতে লাগানো শিমের গাছ।
কৃষকেরা এই শিম বিক্রি করছিলেন প্রতি কেজি ৬৫ টাকা দরে। মণপ্রতি মিলছিল ২ হাজার ৬০০ টাকা। গাছের গোড়া কেটে দেওয়ায় পুরো ফসলই নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, তাদের চরম ক্ষতি হয়েছে। সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেলে তাদের উপকার হবে। তিনি আরও বলেন, গ্রামের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চান তারা।
শুধু এবারই নয়। এই মাঠে আগেও প্রতিনিয়ত ফসলের ক্ষতি করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। তবে কারা এই কাজ করছে, তা এখনো জানা যায়নি।
কৃষি বিভাগ থেকে সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন দেখছে বলেও জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন