নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৪০ পিএম
সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ এবং নগরীর সড়ক নিরাপদ করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সভায় চালকদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানোর পাশাপাশি পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নগর ভবনের সম্মেলন কক্ষে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় সভার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন চসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন এবং সভা সঞ্চালনা করেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির চট্টগ্রাম ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিম।
মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সড়ক নিরাপদ করার দায়িত্ব সিটি করপোরেশন, পুলিশ, গাড়িচালক ও পথচারী—সবার।
তার মতে, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সড়কে প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব। চালকদের উদ্দেশে তিনি বলেন, নগরে পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তায় গতিসীমা মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। কোনো অবস্থাতেই সহকারীদের দিয়ে গাড়ি চালানো যাবে না এবং অসুস্থ অবস্থায়ও গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। চসিক এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্দেশিত সর্বোচ্চ ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিসীমা মেনে চলার আহ্বান জানান তিনি।
মো. লিয়াকত আলী খান বলেন, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে দুই-চার মিনিট সময় বাঁচানোর চেয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তার ভাষায়, চালকের মুহূর্তের ভুলে একটি প্রাণ ঝরে যেতে পারে, যা একটি পরিবারকে বিপর্যস্ত করে দিতে পারে। তাই চালকদের পাশাপাশি পথচারী ও অন্য সড়ক ব্যবহারকারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে।
মূল প্রবন্ধে আমিনুল ইসলাম সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু একজন মানুষের মৃত্যু হয় না, এর প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। দুর্ঘটনায় অল্পবয়সী, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর মৃত্যুর হার উল্লেখযোগ্য জানিয়ে তিনি বলেন, তাদের পরিবার ও সমাজে দীর্ঘদিন অবদান রাখার সুযোগ ছিল এবং সড়কে প্রাণহানি ঠেকাতে সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য দেন চট্টগ্রামে দায়িত্ব পালনকালে দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস মজুমদারের স্ত্রী রাশেদা আখতার। স্বামীকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি চালকদের ধীরে ও গতিসীমা মেনে গাড়ি চালানোর অনুরোধ জানান। সড়কে চলাচলকারী প্রত্যেক মানুষের পরিবার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চালকরা সতর্কভাবে আইন মেনে গাড়ি চালালে সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবেন। তার মতো আর কাউকে যেন অল্প বয়সে স্বামী বা সন্তানহারা হতে না হয়, সে জন্য সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সড়ক নিরাপত্তায় চালকদের দায়িত্ব অনেক। কিন্তু অনেক চালক পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান না বলে তিনি উল্লেখ করেন। এতে ক্লান্তি ও অসতর্কতা তৈরি হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়—এমন মন্তব্য করে নিয়ম অনুযায়ী চালকদের বিশ্রামের সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলার সাবেক আহ্বায়ক সালমান শামীম, ডেভেলপমেন্ট উইমেন নেটওয়ার্কের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের ড. মোরশেদ হাসান মোল্লা।
এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০ জন গাড়িচালক সভায় অংশ নেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানোর গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন