বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

ওয়ালমার্টে কেনাকাটা করবে মেটার এআই এজেন্ট মিউজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:২৭ পিএম

ওয়ালমার্টে কেনাকাটা করবে মেটার এআই এজেন্ট মিউজ

মোবাইলে কেনাকাটার দৃশ্য | ছবি: সংগৃহীত

এবার কেনাকাটাও করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। মেটার এআই সহকারী মিউজের মাধ্যমে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে অফারে কেনাকাটার সুবিধা চালু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ওয়ালমার্ট ও মেটা এই অংশীদারত্বের ঘোষণা দেয়। মিউজ অ্যাপে ওয়ালমার্ট অ্যাকাউন্টে সাইন ইন করলেই এজেন্টকে পণ্য খুঁজতে, দাম তুলনা করতে ও ঝুড়ি সাজাতে বলা যাবে।

সুবিধাটি চলছে ওয়ালমার্টের এজেন্ট গেটওয়ে ব্যবস্থায়, যা গত অক্টোবরে চালু হয়। ক্রেতা অনুরোধ জানালে মিউজ তা ওয়ালমার্টে পাঠায়; ওয়ালমার্ট মিলিয়ে পণ্য ফেরত পাঠায় ও ঝুড়ি তৈরি করে দেয়।

গোপনীয়তার সুরক্ষাও রাখা হয়েছে। মিউজ ক্রেতার আগের কেনাকাটার ইতিহাস বা কার্ডের তথ্য পাবে না। ক্রেতা খরচের সীমা বেঁধে দিতে পারবেন, প্রতিটি কেনাকাটায় অনুমোদন বাধ্যতামূলক করতে পারবেন এবং এজেন্টের করা অর্ডার যেকোনো সময় দেখতে পারবেন।

ওয়ালমার্ট জানিয়েছে, মিউজ দিয়ে কেনাকাটায় দাম ওয়ালমার্ট ডট কমের মতোই থাকবে এবং ওয়ালমার্ট প্লাস সদস্যদের সুবিধাও মিলবে। ভবিষ্যতে অন্য এআই প্ল্যাটফর্মের জন্যও এজেন্ট গেটওয়ে খোলার পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ