নভেম্বর ২৫, ২০২৬, ০৬:১৩ পিএম
বড় পর্দার জন্য আইপ্যাড সংস্করণ চালু করেছে মেটার সামাজিক মাধ্যম থ্রেডস। একই আপডেটে এসেছে শেয়ারের দাম অনুসরণের সুবিধা ক্যাশট্যাগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রযুক্তি মাধ্যমগুলোতে এই আপডেটের খবর প্রকাশ পায়। আইপ্যাড সংস্করণে মূল ফিড এক কলামে দেখা যাবে; মূল পর্দা থেকে ডানে সোয়াইপ করলে অনুসন্ধান আর বাঁয়ে সোয়াইপ করলে ফিড মেনু খুলবে।
ক্যাশট্যাগ হলো ডলার চিহ্নের পর শেয়ারের টিকার লিখে তৈরি বিশেষ ট্যাগ। এতে ক্লিক করলেই ওই শেয়ার নিয়ে আলোচনার পাশাপাশি সরাসরি দাম ও চার্ট দেখা যাবে। সুবিধাটি এক্স (সাবেক টুইটার) থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে।
থ্রেডসের প্রকৌশলী গাই ডিকিনসন জানিয়েছেন, শুরুতে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাকের শেয়ার, ইটিএফ ও ক্রিপ্টোকারেন্সিতে ক্যাশট্যাগ কাজ করবে। ওয়েব, আইওএস ও অ্যান্ড্রয়েডে সুবিধাটি ধাপে ধাপে চালু হচ্ছে, তাই সবার কাছে একসঙ্গে পৌঁছাতে সময় লাগতে পারে।
মেটা এর আগে জানিয়েছে, থ্রেডসের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ম্যাকরিউমারস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন