নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৩ পিএম
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার লক্ষ্যে রাশিয়ার বাজারে নিজেদের পণ্যের আরও বেশি প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব বিষয়ে আলোচনা ও আহ্বান জানান।
বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের প্রসঙ্গ তোলেন হুমায়ুন কবির। দুই দেশের মধ্যকার বাণিজ্য আরও বিস্তৃত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার আশা, দুই দেশ শীঘ্রই তাদের অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি বা নথিপত্রগুলো চূড়ান্ত করবে।
সাক্ষাতে উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে কথা বলেছে। শিক্ষা সহযোগিতার মধ্যে স্কলারশিপ ও একাডেমিক বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধও জানান হুমায়ুন কবির।
রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে দেশটি আগ্রহী বলেও তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন