নভেম্বর ২৫, ২০২৬, ০৬:০১ পিএম
আসন্ন ডিসেম্বর ঘিরে চট্টগ্রাম রেঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নাশকতার কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট করেছেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। র্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জঙ্গল সলিমপুর এলাকায় কোনোভাবেই নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ শামসুল হক বলেন, ওই এলাকায় নতুন করে কোনো সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া হবে না এবং অপরাধীদের আশ্রয় নেওয়ার সুযোগও বন্ধ রাখা হবে। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই পুলিশের প্রধান কাজ।
জঙ্গল সলিমপুরের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি জানান, এলাকার বাসিন্দারা এখন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং তাদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছে। এরপরও কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা সমস্যা থাকলে তা শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।
এলাকাটির উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে রেঞ্জ ডিআইজি বলেন, সরকারের গৃহীত পরিকল্পনাগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে, তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও কল্যাণকে গুরুত্ব দিতে হবে। সড়ক নির্মাণের আগেই এলাকায় দৃশ্যমান পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি জানান, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং চট্টগ্রাম শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ফটিকছড়িতে সাম্প্রতিক সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ শামসুল হক জানান, সেখানে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে বাহিনী কঠোর অবস্থানে আছে। ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে সব অস্ত্র উদ্ধার হয়ে গেছে এমন দাবি পুলিশ করছে না। এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সঠিক তথ্য দিলে যথাযথভাবে পুরস্কৃত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের অগ্রগতি প্রসঙ্গে ডিআইজি বলেন, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে এবং চট্টগ্রামের পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নিয়ে তদারকি করছেন। ইতোমধ্যে ওই সন্ত্রাসীর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে এবং মূল হোতাকেও দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত চার দশক ধরে সরকারি পাহাড় কেটে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে এবং এখনো সেখানে পাহাড় কেটে প্লট বাণিজ্য চলার অভিযোগ রয়েছে। এই দখল ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠার অভিযোগ দীর্ঘদিনের। এসব বাহিনীর সদস্যরা এলাকাটি সশস্ত্র পাহারায় রাখেন এবং বাসিন্দাদের প্রবেশের জন্য পরিচয়পত্রের ব্যবস্থাও চালু রয়েছে। স্থানীয় বাসিন্দা ছাড়া বাইরের কাউকে সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়, এমনকি অতীতে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন