বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ

নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন হস্তান্তর

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৪:০০ পিএম

নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন হস্তান্তর

নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আবেদন হস্তান্তর করেছে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড। বুধবার (২৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংগঠনটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে এই আবেদন জানায়।

ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি আবেদনপত্র হস্তান্তর করলে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নটরডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয় এবং এ কারণেই কয়েক যুগ ধরে প্রতিষ্ঠানটি দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের অন্যান্য কলেজের জন্য দৃষ্টান্তস্বরূপ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ড, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি ক্লাবের এসব কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।