বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
মিস ইউনিভার্স ২০২৬

৭৫ বছরের ইতিহাসে প্রথম মা হিসেবে নজির গড়লেন জেনিফার

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০২:৫৫ পিএম

৭৫ বছরের ইতিহাসে প্রথম মা হিসেবে নজির গড়লেন জেনিফার

মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসেরার মুকুট জিতে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন সাত বছর বয়সী কন্যাসন্তান পেনেলোপির মা ২৭ বছর বয়সী জেনিফার।

মেক্সিকোর সাবেক মিস ইউনিভার্স ফাতিমা বশের হাত থেকে হীরাখচিত মুকুট গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।

সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলিত ধারণা বদলে দেওয়া জেনিফারের এই অর্জন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২০২২ সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নিয়ম পরিবর্তন করে বিবাহিত নারী ও মায়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ চালু করে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে প্রথম মা হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন গুয়াতেমালার মিশেল কোন, আর এবার প্রথম মা হিসেবে সরাসরি বিশ্বসেরার মুকুট জিতলেন জেনিফার।

এবারের আসরে নামার আগে বড় কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেননি জেনিফার ব্যারেটো। গত ২৫ জুন সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে ৩৪ প্রতিযোগীকে হারিয়ে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো নির্বাচিত হন তিনি এবং সেদিনই সেরা ক্যাটওয়াক, উজ্জ্বল ত্বক ও সেরা হাসির পুরস্কারও জিতে নেন।

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চের বাইরে জেনিফারের রয়েছে ভিন্ন এক পেশাগত পরিচয়। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ করছেন তিনি এবং বর্তমানে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে ক্ষতিকর আচরণ প্রতিরোধ ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখছেন।

মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জেনিফার। এছাড়া ট্রমা ইন্টারভেনশন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে বিশেষ প্রশিক্ষণও রয়েছে তাঁর।

ছয় বছর বয়স থেকেই পেশাদার ভলিবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন জেনিফার, তবে ডান কাঁধে অস্ত্রোপচারের কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। অবসরে বই পড়ার পাশাপাশি পুয়ের্তো রিকোর শিশু ডায়াবেটিস সমিতির স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেন তিনি।

চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তরেও নিজের ভাবনার পরিচয় দেন জেনিফার ব্যারেটো। বর্তমান সময়ে নেতাদের সবচেয়ে বেশি কী প্রয়োজন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতাদের নিজেদের উদাহরণ তৈরি করতে হবে এবং যাঁদের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ ধরে রাখার বিষয়েও নিজের মত তুলে ধরেন নতুন এই বিশ্বসুন্দরী। তাঁর মতে, এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে, তবে মানুষের কথা ও কাজের মধ্যে মিল রাখার মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ, দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস এবং তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

তথ্যসূত্র: ওপেন ম্যাগাজিন