বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংঘাত

জেদ্দাসহ লোহিত সাগরের সব সৌদি বন্দরে হামলার হুমকি ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০২:৩৯ পিএম

জেদ্দাসহ লোহিত সাগরের সব সৌদি বন্দরে হামলার হুমকি  ইয়েমেনের

সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি কার্যকর করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের সব বন্দরে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এ সতর্কবার্তা দেন।

বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল সারী জেদ্দাসহ সৌদি আরবের বন্দরগুলোতে কর্মরত শ্রমিক ও কর্মীদের পাশাপাশি বন্দর সংলগ্ন এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলেছেন তিনি।

এর আগে মঙ্গলবার রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলা চালায় হুথি গোষ্ঠী, যাতে অন্তত ১১ জন আহত হন। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

রিয়াদে ওই হামলার কয়েক ঘণ্টা পর সৌদি-ইয়েমেন সামরিক জোট এক বিবৃতিতে জানায়, তারা ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে এবং নিকট ভবিষ্যতে হোদেইদা বন্দরকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে। সৌদি জোটের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই জেদ্দাসহ সৌদি বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি দেন ব্রিগেডিয়ার জেনারেল সারী।

লোহিত সাগর উপকূলের হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, যার মাধ্যমে হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে। আমদানিকৃত খাদ্যের ওপর নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য দীর্ঘকাল ধরে বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির প্রধান প্রবেশদ্বার ও জীবনরেখা হিসেবে কাজ করছে।

২০১৬ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি বাহিনীর সংঘাত চলে আসছে। ২০২২ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেও গত সেপ্টেম্বরে চুক্তির শর্ত ভেঙে তারা পুনরায় একে অপরকে লক্ষ্য করে নিয়মিত হামলা শুরু করে।

তথ্যসূত্র: রয়টার্স