নভেম্বর ২৪, ২০২৬, ১২:২৮ পিএম
হিজাব ছাড়া গান গাওয়া ও তা ইউটিউবে সম্প্রচার করার ঘটনায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তার দলের বাকি চার সদস্যকেও সমপরিমাণ চাবুক মারা হয়।
সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে এই দণ্ড কার্যকর করা হয়। গত জুনে তাকে চাবুক মারার নির্দেশ দিয়েছিলেন আদালত।
২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি ও তার দলের চার সদস্য ইউটিউবে একটি লাইভ কনসার্ট করেন, যেখানে তার মাথায় কোনো হিজাব ছিল না। ইরানে প্রকাশ্য সব জায়গায়—খেলাধুলা বা গান হোক—নারীদের হিজাব পরা বাধ্যতামূলক।
ওই ইউটিউব কনসার্টে বেদনাপূর্ণ তবে শক্তিশালী গান গেয়েছিলেন পারাস্তো আহমাদি।
চাবুক মারার বিষয়টি নিশ্চিত করে পারাস্তোর আইনজীবী জানান, ভিডিও কনসার্টের পেছনে থাকা পারাস্তো এবং তার প্রোডাকশনের চার সদস্যকে সোমবার ৭৪টি চাবুক মারা হয়েছে। প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার ও প্রসারের অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে।
এর আগে ২০২৫ সালের মার্চে মেহদি ইয়াররাহি নামে এক পুরুষ সংগীতশিল্পীকে ৭৪ বার চাবুক মারা হয়েছিল, যিনি তার গানে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানিয়েছিলেন।
২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার জেরে নৈতিকতা পুলিশের হাতে মারধরের শিকার হয়ে মারা যান মাহসা আমিনি নামে এক তরুণী। ওই ঘটনার পর ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং এরপর থেকে তরুণীদের মধ্যে হিজাব না পরার প্রবণতা বাড়ে।
তথ্যসূত্র: এএফপি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন