নভেম্বর ২৪, ২০২৬, ১২:১৭ পিএম
আসন্ন সিনেমা গানমাস্টার জি৯-এর প্রচারের মঞ্চে এক দৃশ্য ঘিরে চর্চার মুখে পড়েছেন অভিনেতা ইমরান হাশমী। অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার কানের দুল হাতের বদলে মুখ দিয়ে খুলে নেওয়ার অভিনয় করেন তিনি, যা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
সিনেমার প্রচারের অংশ হিসেবে ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্নের বিশেষ পর্বে অংশ নেন ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা। সেখানে সিনেমার পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর গানটি নিয়ে কথা ওঠে। একপর্যায়ে ওই গানের রোম্যান্টিক মুহূর্ত মঞ্চে নতুন করে ফুটিয়ে তোলেন দুজন।
একটি বেঞ্চে বসে থাকা জেনেলিয়ার কাছে এগিয়ে গিয়ে মুখ দিয়ে তার কানের দুল খুলে নেওয়ার অভিনয় করেন ইমরান। ওই দৃশ্য দেখে উপস্থিত প্রতিযোগীদের কেউ অবাক হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।
দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া দেখা যায়। জেনেলিয়ার স্বামী অভিনেতা রীতেশ দেশমুখকে জড়িয়ে মন্তব্য করেন কেউ কেউ। একজন মন্তব্য করেন, কোনো নারী রীতেশের সঙ্গে এমন করলে জেনেলিয়া কীভাবে তা নিতেন। আরেকজন লেখেন, ইমরানের সঙ্গে জুটি হলে এমন দৃশ্য থাকবেই।
সমালোচনার পাশাপাশি দুই অভিনেতার পক্ষেও মত দিয়েছেন অনেকে। তাদের বক্তব্য, ইমরান ও জেনেলিয়া পেশাদার শিল্পী হিসেবে সিনেমার প্রচারের অংশ হিসেবে দৃশ্যটি করেছেন, তাই এ নিয়ে নেতিবাচক মন্তব্যের যৌক্তিকতা নেই।
আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা অভিনীত গানমাস্টার জি৯। প্রচারের মধ্যেই মঞ্চের এই দৃশ্য নতুন করে দর্শকদের নজর কেড়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন