নভেম্বর ২৪, ২০২৬, ১১:৪৮ এএম
দীর্ঘ ৬২ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরছে। মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ফিরছে ঘরোয়া প্রতিযোগিতা, যেখানে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
জাতীয় স্টেডিয়ামের মাঠে এটিই হবে ফর্টিসের প্রথম ম্যাচ।
এর আগে সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এই ভেন্যুতে ঘরোয়া ফুটবলের ম্যাচ আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই ম্যাচে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস খেলেছিল। ১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচটিই ছিল জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের সর্বশেষ আয়োজন।
পরবর্তী সময়ে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ টানা পাঁচ মৌসুম স্টেডিয়ামে সংস্কার কাজ চলার কারণে এখানে ঘরোয়া ফুটবলের কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
২৪ নভেম্বর শুধু জাতীয় স্টেডিয়াম নয়, একই দিনে আরও দুটি ভেন্যুতে ফেডারেশন কাপের ম্যাচ গড়াবে। মুন্সিগঞ্জে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, আর মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন লড়বে চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে। সব মিলিয়ে একই দিনে তিন ভেন্যুতে ফেডারেশন কাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন