নভেম্বর ১০, ২০২৫, ০৭:৩৫ পিএম
এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে বাংলাদেশ ও ভারত উভয় দলই ছিটকে পড়েছে। নিয়মরক্ষার ম্যাচ হিসেবে আগামী ১৮ নভেম্বর ঢাকায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে। টুর্নামেন্টের হিসাবে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ হলেও আদতে এটি বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই হিসেবেই বিবেচিত হচ্ছে।
আর এই লড়াইকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও বিপুল উন্মাদনা শুরু হয়েছে।ম্যাচের টিকিট নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রীতিমতো হাহাকার অবস্থা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে। ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket-এ মোট ছয় ক্যাটাগরির টিকিট পাওয়া যায়।
টিকিট বিক্রির শুরুতেই সার্ভারগুলোতে চাপ পড়ে এবং ছাড়ার মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। এই বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস নিশ্চিত করে বলেন, “ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে।
এদিকে, এত দ্রুত সময়ে টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন। বিপুলসংখ্যক দর্শক এই হাই-ভোল্টেজ খেলাটি মাঠে বসে দেখার সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। হামজা দেওয়ান চৌধুরী এবং সামিত সোমের মতো প্রবাসী খেলোয়াড়দের উপস্থিতি এই ম্যাচে দর্শকদের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন