শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

অনূর্ধ্ব-১৮ যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:৩৪ এএম

অনূর্ধ্ব-১৮ যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ বালকদের ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬ আসরে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে এই ডাক পাওয়ার মধ্য দিয়ে দেশের যুব হকির অঙ্গনে একটি নতুন আন্তর্জাতিক মাইলফলক যুক্ত হলো। আগামী ডিসেম্বরে মিশরের ইসমাইলিয়ায় বসবে এই বৈশ্বিক আসর। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিতের মধ্য দিয়ে যুব হকিতে তৈরি হলো নতুন ইতিহাস।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিতের নেপথ্য ভিত্তি গড়ে ওঠেছিল গত জুলাই মাসে ওমানের মাসকাটে আয়োজিত ৫-এ-সাইড এশিয়া কাপ থেকে। ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল, যা একই সাথে কাজ করেছিল বিশ্বকাপের আনুষ্ঠানিক বাছাইপর্ব হিসেবে। নিয়ম অনুযায়ী এশিয়া কাপের চূড়ান্ত লড়াই থেকে সরাসরি শীর্ষ তিনটি দল বিশ্বকাপের মূল টিকিট পায়। 

বাংলাদেশ সরাসরি কোটা না পেলেও পয়েন্ট টেবিল ও অবস্থানের কারণে প্রথম স্ট্যান্ডবাই দল হিসেবে তালিকায় ছিল। পরবর্তীতে বিশ্বকাপ আসরে একটি কোটা খালি হওয়ায় বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে লাল-সবুজের দলকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

ঘোষিত সময়সূচি অনুসারে মিশরের ইসমাইলিয়ায় আগামী ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড বিশ্বকাপের। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে খেলার এই সুযোগ বাংলাদেশের উদীয়মান হকি খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে।