মার্চ ২২, ২০২৬, ০৮:৫৭ পিএম
ক্রিকেট অস্ট্রেলিয়ার আমন্ত্রণে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলতি বছরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল। আগামী আগস্ট মাসে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরুষ দল দুটি টেস্ট ম্যাচ খেলতে দেশটিতে যাবে। এরপর অক্টোবর মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল।
স্বাগতিক দেশের বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এই দুই সফরের সূচি ও ভেন্যু চূড়ান্ত করে প্রকাশ করেছে।পুরুষ দলের সফরটি শুরু হবে আগস্টের মাঝামাঝি সময়ে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট থেকে ডারউইন স্টেডিয়ামে।
এরপর ২২ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ম্যাকায়তে। শান্তরা কেবল এই দুটি টেস্ট ম্যাচেই অংশ নেবেন। দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে লাল বলের ক্রিকেটে টাইগারদের এই লড়াই অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজের গুরুত্ব অপরিসীম।
অন্যদিকে নারী ক্রিকেটারদের সফরটি শুরু হবে অক্টোবর মাসে। এই সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। এরপর টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু হবে ১৮ অক্টোবর থেকে। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে ২০২৪ সালের শুরুতে অস্ট্রেলিয়া নারী দল বাংলাদেশ সফর করেছিল। সেই সফরের পর এবার বাংলাদেশ দল ফিরতি সফরে যাচ্ছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই সফর ক্রিকেটারদের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করবে বিশেষ করে অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটি থাকবে মূল আকর্ষণে। সূচি ঘোষণার পর এখন দল নির্বাচক ও কন্ডিশন বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করার পরিকল্পনাও রয়েছে উভয় দলের। ক্রিকেট ভক্তরা দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজের অপেক্ষায় ছিলেন যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন