মার্চ ২২, ২০২৬, ০৯:০২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব চেলসির নারী দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে তিনি জাইমা রহমানের ক্রীড়ানুরাগ এবং ফুটবলে তার প্রতিভার কথা উল্লেখ করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান উভয়েই খেলাধুলা অত্যন্ত পছন্দ করেন। লন্ডনে অবস্থানকালে তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপের সূত্র ধরে তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও তাকে জানিয়েছেন যে তিনি নিজে যতটুকু না ক্রীড়াপ্রেমী তার চেয়ে অনেক বেশি খেলাধুলা পছন্দ করেন তার স্ত্রী ও কন্যা।
প্রতিমন্ত্রী আরও যোগ করেন জাইমা রহমান শারীরিকভাবে যথেষ্ট লম্বা এবং গোলরক্ষক হিসেবে তার বিশেষ দক্ষতা থাকায় চেলসির মতো বড় ক্লাবের নারী দলে তিনি সুযোগ পেয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত পেশাদার ফুটবলে জাইমা রহমানের নিয়মিত হওয়া সম্ভব হয়নি। প্রতিমন্ত্রীর মতে সম্ভবত প্রধানমন্ত্রী তাকে ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করে দেননি অথবা অন্য কোনো কারণে বিষয়টি আর এগোয়নি। জাইমা রহমানের ফুটবল দলের পছন্দের বিষয়ে আমিনুল হক জানান তিনি নিজেও তার মতো ম্যানচেস্টার ইউনাইটেডের একজন বড় ভক্ত। সাক্ষাৎকারে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ফুটবলের উন্নয়নে প্রধানমন্ত্রীর পরিবারের এমন ব্যক্তিগত আগ্রহ ও অভিজ্ঞতার বিষয়টি ইতিবাচক হিসেবে তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন