নভেম্বর ২৪, ২০২৬, ১১:০২ এএম
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের পথে যাত্রা করেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬-এর চূড়ান্ত অনুশীলন সেখানে প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।
মহড়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী পরিদর্শন করার কথা রয়েছে তার। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন তৎপরতাও ঘুরে দেখবেন তিনি।
এই বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত।
২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত এক যুগের বেশি সময় ধরে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও সেখানে অনুষ্ঠিত হয়েছে। তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টকে নিয়ে বিশেষ যৌথ মহড়া এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন। মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন