বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরিপ্রতি এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১০:৪৮ এএম

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরিপ্রতি এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নতুন দর ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় এবং নতুন মূল্য ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন এই দর নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বাজুস।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা ঠিক করা হয়েছে।

দর নির্ধারণে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও গহনা কেনার ক্ষেত্রে ক্রেতাকে এর সঙ্গে নির্ধারিত মজুরি আলাদাভাবে পরিশোধ করতে হবে।

এর ঠিক আগের দিন ২৩ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে টানা নয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।