মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
পারমাণবিক জ্বালানি ও গ্রিড

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল ঈশ্বরদীতে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১০:৫৩ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল ঈশ্বরদীতে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের অষ্টম চালান মঙ্গলবার সকালে প্রকল্প এলাকায় পৌঁছেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্পে প্রবেশ করে।

এ নিয়ে মোট আটটি চালান এল।

এর মধ্যে একটি চালান প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানি হিসেবে এসেছে, আর সাতটি চালান দ্বিতীয় ইউনিটের জন্য। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম আগে জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি দিতে আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা আছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা রয়েছে। রুশ প্রযুক্তিতে গড়া এই কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট আছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট।

জ্বালানির চালান আসার পাশাপাশি প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এই সরবরাহ চালু হয়। ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দেওয়ার কথা রয়েছে।

এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবার জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়েছিল, সেদিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে তিনি জানান।

বর্তমান পরীক্ষামূলক সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক। গ্রিডের স্থিতিশীলতা ঠিক রাখতে পরের দিকে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয়বারের মতো প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ চলছে এবং আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা এই পরীক্ষা চলবে, যেখানে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। ওই পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে নেবে। পরে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে।

দুটি ইউনিট পুরোদমে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।