সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রম্যা কৃষ্ণন, এপস্টিন প্রসঙ্গ

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০২:৪৫ পিএম

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রম্যা কৃষ্ণন, এপস্টিন প্রসঙ্গ

কাস্টিং কাউচ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন। চলচ্চিত্রজগতের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রেই এমন পরিস্থিতি দেখা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

বাহুবলী চলচ্চিত্রে রাজমাতা চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মতে, বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহারের ঘটনা অস্বীকার করার উপায় নেই। কাস্টিং কাউচের মাধ্যমে শিল্পীদের কুপ্রস্তাব থেকে শুরু করে নানা ধরনের হেনস্তার শিকার হতে হয় বলে উল্লেখ করেন তিনি।

রম্যা কৃষ্ণন মনে করেন, এর শিকার শুধু নারীরা নন, পুরুষেরাও হচ্ছেন। তার মতে, বিষয়টি এখন আর শুধু তারকা বা শিল্পীদের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, অন্য পেশাতেও ছড়িয়ে পড়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এসব ঘটনা ঘটেই চলেছে এবং কেউ তা অস্বীকার করতে পারবেন না। তার ভাষ্য, অভিনয় পেশা ঝলমলে হওয়ায় এসব নিয়ে বেশি আলোচনা হয়, অথচ চলচ্চিত্রজগতের বাইরেও অনেক নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন এবং সব জায়গাতেই এই সমস্যা রয়েছে, যেখানে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই।

আলোচিত এপস্টিনের উদাহরণ টেনে রম্যা বলেন, এপস্টিনের ঘটনাগুলোর দিকে তাকানো উচিত, কারণ যুক্তরাষ্ট্রের মতো দেশেও যেখানে নারীরা অনেক বেশি স্বাধীন, সেখানেও এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে। তার মতে, তাই এমন কিছু ঘটে না বলার সুযোগ নেই, কারণ অতীতেও ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে।

একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়েও কথা বলেছেন রম্যা কৃষ্ণন। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে বলে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট জানান, তাদের বিচ্ছেদ হয়নি, তবে কাজের কারণে দুজন আলাদা শহরে থাকেন।