নভেম্বর ২৩, ২০২৬, ০৫:২১ পিএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সংলাপ ও কূটনীতির ওপর ভারতের গুরুত্বারোপকে ইতিবাচক হিসেবে দেখছে বুলগেরিয়া এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজতে নয়াদিল্লির যোগাযোগ ও আলোচনার উদ্যোগকে মূল্যায়ন করছে। শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা-চামোভা।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ, প্রযুক্তি, নিরাপত্তা, দক্ষ জনশক্তির চলাচল ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক গভীর করার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে। এর আগে শুক্রবার বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পেত্রোভা-চামোভা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক এবং করোনাভাইরাস মহামারি থেকে পাওয়া শিক্ষাসহ নানা বিষয় আলোচনা হয়।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থান এবং বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে পেত্রোভা-চামোভা বলেন, ভারতকে কৌশলগত স্বায়ত্তশাসন, ঐতিহাসিক সম্পর্ক এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়, আর বুলগেরিয়া বিষয়টি বুঝতে পারে।
তাঁর ভাষায়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর ভারতের গুরুত্বারোপকে বুলগেরিয়া ইতিবাচকভাবে দেখে। শান্তিপূর্ণ সমাধান খুঁজতে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যোগাযোগ ও আলোচনার উদ্যোগকেও মূল্যায়ন করা হয়, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি যুদ্ধের যুগ নয় মন্তব্যটি বুলগেরিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউক্রেন যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। পেত্রোভা-চামোভা জানান, এই যুদ্ধের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে, পাশাপাশি খাদ্য, জ্বালানি ও বাণিজ্যব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার প্রভাব ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়েছে।
যুদ্ধ ও সংঘাতের অবসান চাই।
বুলগেরিয়ার অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে দেশটির ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে একটি ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে দেশটি। তাঁর মতে, যেকোনো স্থায়ী শান্তিচুক্তিতে ইউক্রেনের অংশগ্রহণ থাকতে হবে এবং তা জাতিসংঘের সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সংক্রামক রোগ বিষয়ে পিএইচডি করা পেত্রোভা-চামোভা জাতিসংঘের জনস্বাস্থ্যবিষয়ক কার্যক্রমেও যুক্ত ছিলেন।
ভারত-বুলগেরিয়া সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং কখনো বড় ধরনের তিক্ততা বা অস্থিরতা তৈরি হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের গতি কিছুটা কমেছে, কারণ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পর গত ২০ বছরে বুলগেরিয়ার মনোযোগ মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও বৃহত্তর ইউরোপের দিকে ছিল।
বর্তমানে সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বুলগেরিয়ায় এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এবং ভারতও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। বুলগেরিয়া ও দেশটির সরকার নিজেদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে বিশেষভাবে আগ্রহী, কারণ দেশটি এমন একটি স্থানে অবস্থিত যেখান থেকে ইউরোপের সঙ্গে এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের যোগাযোগ স্থাপন করা সম্ভব এবং এটি বিভিন্ন আন্তর্জাতিক যোগাযোগ করিডোরের মিলনস্থল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বুলগেরিয়ার দীর্ঘদিনের অংশীদারত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, শুল্কসংক্রান্ত কিছু বিষয় নিয়ে মাঝেমধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। বিশ্বব্যবস্থা ক্রমেই বহুমুখী হয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের অর্থনীতির উন্নয়ন এবং নাগরিকদের জীবনযাত্রার মান বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা প্রয়োজন।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বুলগেরিয়া যে ইউরোপীয় বাজারের অংশ, তা বিবেচনায় রাখার ওপর জোর দেন পেত্রোভা-চামোভা। তিনি জানান, দেশটিতে বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
একসময় দুই দেশের মধ্যে অত্যন্ত গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কিছু নিদর্শন এখনো রয়ে গেছে বলে জানান তিনি। বুলগেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো অনেক শিক্ষার্থী ভারতবিদ্যা নিয়ে পড়াশোনা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ও প্রতিশ্রুতি অটুট রয়েছে।
চলতি বছর এস জয়শঙ্করের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় সাক্ষাৎ উল্লেখ করে পেত্রোভা-চামোভা বলেন, গত তিন মাসের মধ্যে তাঁরা দুবার বৈঠক করেছেন, যা থেকে স্পষ্ট যে দুই পক্ষই ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন