নভেম্বর ২৩, ২০২৬, ০৪:০০ পিএম
চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে বাসি খাবার ও নকল পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) রিয়াজুদ্দিন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে সংস্থাটিকে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল।
সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানকে।
যথাযথ ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পূরবী হোটেলকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা। সেখানে পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা হচ্ছিল বলে অভিযানে ধরা পড়ে। এমনকি অন্যের খাওয়া শেষে প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করা হয়েছিল। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণও পেয়েছে অভিযান দল।
অন্যদিকে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল দিয়ে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এমন বাজার তদারকি ও অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন