সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,
পরীক্ষা ও ফল

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ ৩টায়, ফোনে যাবে এসএমএস বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৩:১০ পিএম

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ ৩টায়, ফোনে যাবে এসএমএস বার্তা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার বিকেল ৩টায় প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফল প্রকাশের পর আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল জানতে শিক্ষার্থীদের ওয়েবসাইটে প্রবেশের জন্য অপেক্ষা করতে হবে না। পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

শিক্ষার্থীরা ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ও বাংলাসহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির পাশাপাশি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে।