সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির ১৫ বছরের চুক্তি

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৪:২৩ পিএম

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির ১৫ বছরের চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কোম্পানির কাছে দিতে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ চুক্তি করতে যাচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী, সরকার অগ্রিম হিসেবে ৮১ লাখ মার্কিন ডলার পাবে, যা প্রায় ১০০ কোটি টাকার সমান।

যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের অংশও পাবে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ প্রস্তাব সরকারি-বেসরকারি অংশীদারত্ব পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে টার্মিনাল-তিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃতীয় টার্মিনাল নির্মাণের পর পরিচালনার আগ্রহ দেখিয়ে জাপানি কোম্পানিটি আর্থিক প্রস্তাব জমা দেয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাব যাচাই-বাছাই ও দর-কষাকষি শেষ করার পর খসড়া কনসেশন চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ ভেটিং করে। এরপর অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তি চূড়ান্ত করা হয়।

রাজস্ব ভাগাভাগির শর্তে যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। কার্গো পরিবহনে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার ধরা হয়েছে। এ ছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের উল্লেখ রয়েছে, যেখানে বর্তমানে স্থানীয়ভাবে ৫০০ টাকা নেওয়া হচ্ছে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে। প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে টার্মিনাল-তিনের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।