রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

জর্জ ওয়াশিংটনের চুল ৪ হাজার ডলারে নিলামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৩:০৫ পিএম

জর্জ ওয়াশিংটনের চুল ৪ হাজার ডলারে নিলামে বিক্রি

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ফ্রেমে বাঁধাই করা একগুচ্ছ চুল শনিবারের নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস এই তথ্য জানিয়েছে।

ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

রিচমন্ড অকশনসের তথ্য অনুযায়ী, চুলগুলো একসময় জন গ্যাডসবির কাছে ছিল। ১৭৯৯ সালে জর্জ ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে তাকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন গ্যাডসবি। ওই সময় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরে বসবাস করতেন গ্যাডসবি। পরবর্তীতে তার এক বংশধরের কাছ থেকে চুলগুলো সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক।

গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ দিনগুলোর স্মৃতির অংশ হিসেবে গ্যাডসবি চুলগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো ফ্রেমে বাঁধাই করে ওয়াশিংটন সিটির বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখা হয়েছিল। ম্যাকব্লেয়ারের বিবৃতিতে উল্লেখ করা হয়, ছোটবেলা থেকেই তিনি বাড়িতে ওই চুলগুলো দেখে আসছিলেন। রিচমন্ড অকশনসের তথ্য বলছে, ১৭৯৮ ও ১৭৯৯ সালে ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দুটি অনুষ্ঠানেও আতিথ্য দিয়েছিলেন গ্যাডসবি।

তবে ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ক্ষেত্রে এবারের দাম সর্বোচ্চ নয়। ২০২১ সালে একটি লকেটে সংরক্ষিত তিনটি চুল প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যেগুলো তার মৃত্যুর কাছাকাছি সময়ে বা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হয়।

জানা গেছে, জর্জ ওয়াশিংটনের চুলের অন্তত ৫০টি নমুনা এখনো সংরক্ষিত রয়েছে। এগুলোর অনেকগুলো রাখা হয়েছে তার সাবেক বাসভবন মাউন্ট ভার্ননে, যা বর্তমানে জাদুঘর হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে দেশটির সেনাদের নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন। মার্কিন সংবিধান প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৭৮৯ সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই মেয়াদ শেষে ১৭৯৭ সালে পদত্যাগ করেন এবং ১৭৯৯ সালে মারা যান।

ব্যক্তিগত অন্যান্য স্মৃতিচিহ্নের নিলামেও ভালো দাম উঠেছে। গত জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তার স্বাক্ষরিত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়, যেখানে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে সেনা নিয়োগের অনুরোধ জানানো হয়েছিল।

তথ্যসূত্র: বিবিসি