শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

রোহিঙ্গা নিয়ে আদালতের রায় কার্যকরে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি: কুমজিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৯:৪২ পিএম

রোহিঙ্গা নিয়ে আদালতের রায় কার্যকরে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি: কুমজিয়ান

আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার আলো দেখা দিলেও রায় কার্যকর না হলে বাস্তুচ্যুত মানুষের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আসবে না বলে মনে করছেন জাতিসংঘের স্বাধীন তদন্তব্যবস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান।

গত শুক্রবার ২০ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রোহিঙ্গাদের ভাগ্য বদলাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ জরুরি।

মিয়ানমারের জন্য গঠিত স্বাধীন তদন্তব্যবস্থার প্রধান কুমজিয়ানের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের গত বৃহস্পতিবারের রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু রায়ের কারণে তাদের জীবনে তাৎক্ষণিক কোনো বদল আসবে না।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হন এবং ঘটনার নয় বছর পেরিয়ে গেলেও তাঁদের অনেকে এখনো শরণার্থীশিবিরে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি।

গত অক্টোবরে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে শরণার্থীদের মধ্যে গভীর হতাশা দেখেছেন কুমজিয়ান। আদালতের ক্ষমতা সীমিত হওয়ায় রায় কার্যকর করা কতটা কঠিন, তা বোঝাতে গিয়ে শরণার্থীদের ওই হতাশা তাঁকে ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

নিকোলাস কুমজিয়ান বলেন, আন্তর্জাতিক বিচার আদালত নিজে কোনো দেশের ওপর দেওয়া রায় বাস্তবায়নে বাধ্যবাধকতা আরোপ করতে পারে না। ফলে মিয়ানমারকে রায় মানতে বাধ্য করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।

এ লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ ও মানবাধিকার পরিষদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রায় কার্যকর করতে জাতিসংঘের সদস্যদেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দিয়ে কুমজিয়ান বলেন, কাজটি কঠিন হলেও রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে এটি অত্যন্ত জরুরি।

রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন কার্যক্রম শুরুর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন এই তদন্তকারী।

তাঁর ভাষায়, সিদ্ধান্তটি কিছুটা অপ্রত্যাশিত হলেও গুরুত্বপূর্ণ এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে মিয়ানমার কী কী পদক্ষেপ নিয়েছে, তা দুই বছরের মধ্যে জানাতে হবে।

মিয়ানমারের ওপর চাপ তৈরিতে কূটনৈতিক স্বীকৃতি, বাণিজ্যিক সম্পর্ক ও অস্ত্র আমদানির বিষয়গুলোও কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন নিকোলাস কুমজিয়ান।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি